চট্টগ্রামে আন্তর্জাতিক এসএমই মেলার শুভ উদ্বোধন

বন্দর নগরী চট্টগ্রামে শুরু হলো চিটাগং চেম্বার অব কমার্সের আয়োজনে তিনদিন ব্যাপী ‘আন্তর্জাতিক এসএমই মেলা বাংলাদেশ ২০১৯ ইংরেজী’।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় চিটাগং আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দীন।

‘দ্যা চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস’র উদ্যোগে আয়োজিত এই মেলার লক্ষ্য হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ, দেশীয় পণ্যের প্রদর্শন এবং বিপণন বৃদ্ধি।

এবারের মেলায় প্রাইম জোনে ১৯টি ও জেনারেল জোনে ৩৮টিসহ ৫৭টি স্টল অংশগ্রহণ করছে। যেখানে ৭টি ব্যাংক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি পণ্য, কৃষি প্রযুক্তি, হস্তশিল্প, জামদানি, প্যাকেজিং, প্রক্রিয়াজাত খাদ্য, পর্যটন, কুমিল্লার খাদি, রংপুরের শতরঞ্জি সহ ৪৫টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

চতুর্থ বারের মত আয়োজিত এ মেলা সম্পর্কে চিটাগং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রান্তিক ব্যবসায়ীদের সমুন্নত করার লক্ষ্যেই আমরা ৪র্থ বারের মতো এবারের এসএমই মেলা আয়োজন করেছি। এ মেলার মাধ্যমে প্রান্তিক ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রসারে সফল হবেন, এটাই আমাদের আশা। তারা সফল হলেই, আমরা নিজেদের সফল ভাবতে পারবো।’

উল্লেখ্য, এসএমই’র এ মেলাটি সকলের জন্য বিনাটিকেটে উন্মুক্ত করা হয়েছে। আজ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ. কে. এম. মহিউদ্দিন আজাদ, চিটাগং চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ সহ চেম্বারের পরিচালক ও সদস্য সহ উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর