আজ দলে যোগ দেবেন তামিম

খারাপ সময় পেছনে ফেলে সুসময়ে ফেরার আভাস দিয়েছিলেন তামিম ইকবাল। তবে সেই সময়টা বেশি স্থায়ী হলো না। মাঠে ছন্দ খুঁজে পাওয়ার পরেই জ্বরে আক্রান্ত হয় মাঠের বাইরে চলে যান তিনি। তামিম ভক্তদের জন্য সুখবর। শেষ খবর পাওয়া পর্যন্ত সুস্থ হয়েছেন দেশসেরা ওপেনার। আজ রাতেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

দলে যোগ দিলেও কবে থেকে খেলতে পারবেন তামিম সে বিষয়ে অবশ্য নিশ্চিত করতে পারেনি ঢাকা প্লাটুনের কর্মকর্তারা। তবে তামিমের প্রত্যাবর্তন নিঃসন্দেহে ঢাকার জন্য সুখবর।

ঢাকা পর্ব শেষেই ভাইরাল জ্বরে আক্রান্ত হন তামিম। ফলে দলের সঙ্গে আর চট্টগ্রাম যাওয়া হয়নি তার। ভর্তি হয়েছিলেন ঢাকারই এক হাসপাতালে। চলতি বিপিএলে খেলা তিন ম্যাচের মাঝে শেষের দুই ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এই ওপেনার। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলেছেন ৭৪ রানের ইনিংস। এরপর সিলেট থান্ডারের বিপক্ষে করেছেন ৩১ রান।

ঢাকার টিম ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানিয়েছেন, রাতেই দলের সঙ্গে যোগ দেবেন তামিম। তবে আজ ঢাকার কোনো ম্যাচ নেই। রাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্সের ম্যাচের পর বিপিএলে এক দিনের বিরতি। আগামী ২৩ তারিখ প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন আর কুমিল্লা ওয়ারিয়র্স। সুতরাং, মাঠে ফিরতে আরও দুইদিন সময় পাচ্ছেন দেশসেরা ওপেনার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর