ইবিতে কোটাধারীদের পৌষ মাস, ২০ পেলেই ভর্তির সুযোগ

কোটায় ভর্তির ক্ষেত্রে ২য় ধাপে শর্ত শিথিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কতৃপক্ষ।

এবার ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পোষ্য কোটায় ভর্তির ক্ষেত্রে নৈর্ব্যক্তিক ৬০ ও লিখিত ২০ সহ মোট ৮০ নম্বরের মধ্যে ২৫ শতাংশ নম্বর অর্থাৎ ২০ পেলেই রয়েছে ভর্তির সুযোগ।
শনিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ বার্তাবাজার’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথমে মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটায় ভর্তি শর্ত ৩২ এবং পোষ্য ও খেলোয়াড় কোটায় ২৬ নম্বর নির্ধারিত থাকলেও কোটাধারীদের আবেদনের প্রেক্ষিতে ভর্তি কমিটির সভার সিন্ধান্ত অনুযায়ী এ সকল কোটায় আবেদন যোগ্যতা ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করতে প্রতি বছর এমন শর্ত শিথিল করাকে কোটাধারীদের পৌষ মাস হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে মোট আসনের পাঁচ শতাংশ (১১৫ জন) মুক্তিযোদ্ধা কোটার জন্য বরাদ্ধ। প্রতিবন্ধী কোটায় ২০ জন, উপজাতি কোটায় ১৫ জন, হরিজন সম্প্রদায় ৫ জন, খেলোয়াড় কোটায় ১০ জনসহ কোটায় সর্বমোট ১৬৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এর বাইরে ২০ নম্বর পেয়ে শর্ত পূরণ করতে পারলেই থাকছে পোষ্য কোটায় ভর্তির সুযোগ।

উল্লেখ্য, কোটাসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর