এইচএসসি পরীক্ষায় বসার শঙ্কা দূর হলো মাসুদের

মাসুদ মিয়া আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নেবে। কিন্তু রিকশা চালক বাবার পক্ষে ফরম পূরণের টাকা দেওয়া সম্ভব নয়। ওই অবস্থায় পরীক্ষায় বসা নিয়ে শঙ্কা শুরু হয় মাসুদের ভেতরে। কিন্তু তার সব শঙ্কা দূর করে এইচএসসি পরীক্ষায় বাসার সুযোগ করে দিয়েছে সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ। এইচএসসির ফরম পূরণ, পরীক্ষার হলে যাতায়াত, বই কেনাসহ পরীক্ষা পর্যন্ত তার পড়ালেখার জন্য ৫,৮৫০ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। গতকাল শনিবার আনুষ্ঠানিক ভাবে অসহায় মাসুদ মিয়ার হাতে এ সহায়তা হস্তান্তর করা হয়।

মাসুদ মিয়া ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে থেকে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। তার বাড়ি গৌরীপুর উপজেলার শালীহর গ্রামে। তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় মাসুদ। বাবা বাচ্চু মিয়া রিকশা চালিয়ে সংসার চালান। নিজের কোনো ভিটে না থাকায় একখণ্ড সরকারি খাস জমিতে একটি ছাপড়া ঘরে সন্তানদের নিয়ে বসবাস করেন রিকশা চালক বাচ্চু। সংসারের ভার সামলাতে টাকলামাটাল বাচ্চু মিয়ার সন্তানদের পড়ালেখা করানো কল্পনার মতো ভাবেন। তবুও ছেলে মাসুদ মিয়া অনেক কষ্টে নিজের পড়ালেখা চালিয়ে যাচ্ছে। শালীহর হাজি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৩.৮৩ পেয়ে এসএসসি পাশ করার পর ঈশ^রগঞ্জ সরকারি কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়। পড়ালেখার খরচ চালানোর জন্য গৌরীপুর পুরাতন রাইসমিল মোড়ে একটি লাইব্রেরিতে কাজ নিয়েছিল। কিন্তু পড়ালেখার চাপে তার কাজটি ছেড়ে দিতে বাধ্য হয়। এইচএসসি নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ফরম পূরণের জন্য তার প্রয়োজন দেখা দেয় ২,২২০ টাকার। এতো টাকা লাগবে জানার পর মাসুদের বাবা বাচ্চু মিয়ার দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। ওই অবস্থায় এইচএসসি পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে পড়ে তার। বিষয়টি সমকাল সুহৃদ সমাবেশ ঈশ^রগঞ্জ কলেজ শাখার সদস্য কাজী সোহাগ জানার পর আলোচনা শুরু হয় কী ভাবে মাসুদের শঙ্কা দূর করা হয়।

মাসুদের পড়ালেখা চালু রেখে এইচএসসি পরীক্ষায় বসার শঙ্কা দূর করতে কলেজ শাখা সুহৃদ সমাবেশ ও ঈশ^রগঞ্জ উপজেলা শাখা সুহৃদ সমাবেশ নিজস্ব গ্রুপে বৈঠক শুরু করে। সিদ্ধান্ত হয় শুধু ফরম পূরণ নয়, মাসুদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত, টেস্ট পেপার ও খাতা কলম কেনার জন্য টাকা দেওয়া হবে সুহৃদ সমাবেশের পক্ষ থেকে। গত বৃহস্পতিবার নেওয়া হয় এই উদ্যোগ।

এরই মধ্যে সুহৃদ সমাবেশের সদস্যদের প্রচেষ্টায় ব্যবস্থা হয়ে যায় ৫ হাজার ৮৫০ টাকার। পরে এইচএসসি শনিবার ফরম পূরণের শেষ দিন বেলা ১১ টায় ঈশ^রগঞ্জ কলেজ চত্বরে মাসুদের হাতে হস্তান্তর করা হয় সেই টাকা। ওই দিন তার ফরম পূরণ করানো হয়। আশ^াস দেওয়া হয় মাসুদের পাশে সব সময় থাকার। অর্থ হস্তান্তরের সময় সেখানে ছিলেন সুহৃদ সমাবেশের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সুহৃদ মহিউদ্দিন রানা, মো. মোস্তাকীম, ইশতিয়াক আহমেদ রনি, কলেজ শাখা সদস্য সচিব সুহৃদ আশিকুর রহমান সৌরভ, জিন্নাত আফরীন জয়া, মো. রবিন, লিংকন ভুঁইয়া, শেখ মাহমুদ, কাউসার আহম্মেদ প্রমুখ। ওই সময় সুহৃদ সমাবেশের পক্ষ থেকে এই ধরণের মানবিক কাজে সব সময় তৎপর থাকার আহ্বান জানান উপদেষ্টা ও সমকাল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান।

ওই সময় আপ্লুত হয়ে অসহায় মাসুদ মিয়া বলেন, পরীক্ষায় বসা তার অনিশ্চিত ছিল। কিন্তু সব শঙ্কা দূর করে দিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ। সুহৃদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।##

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর