ক্রমাগত রাজধানী ঢাকাসহ এর পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা কমছে। পৌষের শুরুতে সারাদেশেই জাঁকিয়ে বসেছে শীত। কয়েকদিন ধরেই কুয়াশার দাপটে সূর্যের মুখ দেখতে পাচ্ছেন না রাজধানীবাসী। এরই মধ্যে চলতি শীত মৌসুমে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিন সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এ সময় তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এর আগে ঢাকার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, সেখানকার তাপমাত্র ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে উল্লেখ করে পূর্বাভাসে আরো বলা হয়, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সেইসাথে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
দেশের বেশিরভাগ এলাকায় শৈত্যপ্রবাহ নেই বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। তবে যশোর, চুয়াডাঙ্গা ও রাজশাহীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এসব এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়বে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা বাড়তে পারে।
আগামীকাল ২২ ডিসেম্বর, রবিবার পর্যন্ত তাপমাত্রা কম থাকতে পারে উল্লেখ করে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘এরপর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ায় তুলনামূলক ঠাণ্ডা কমবে।’ তবে শীতের এই ধারাবাহিকতা জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি