জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী হলেন জিয়াউল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪২ তম আবর্তনের শিক্ষার্থী।
এ ঘটনায় তিনি গত মঙ্গলবার ‘ক্যাম্পাসে স্বাভাবিক চলাচলের নিরাপত্তা’ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন অভিষেক মন্ডল। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪১তম আবর্তন ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী।
অভিযোগ পত্রে জিয়াউল হক বলেন, ‘গত সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড়ে বসেছিলাম। তখন সরকার ও রাজনীতি বিভাগের ৪১তম আবর্তনের শিক্ষার্থী অভিষেক মন্ডল আমার কাছে আসেন এবং কোন প্রকার কারণ ছাড়াই অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এমনকি ৫ মিনিটের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেন। অন্যথায় আমার হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি প্রদান করেন।’
তিনি আরও বলেন, ‘গত বছরের এপ্রিল মাসের ২৯ তারিখ অভিষেক মন্ডল অন্যায়ভাবে আমার মুঠোফোনটি ছিনিয়ে নেয়। তখন প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলে তার নামে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে সে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছে। ফলে গত সোমবারের হুমকির পরে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি, যা আমার শিক্ষা কার্যক্রমকে ব্যহত করছে।’
এবিষয়ে অভিযুক্ত অভিষেক মন্ডল বলেন, গত ৬ মাসে মধ্যে তার সাথে অামার দেখা হয়নি। অার মুঠোফোন ছিনিয়ে নেওয়ার বিষয়টিও মিথ্যা। অামাকে এবং অামার দলকে বিতর্কিত করার জন্য মিথ্যা অভিযোগ করেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, অামি অভিযোগ পত্র পেয়েছি, বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। অভিযোগটির সত্যতা পেলে প্রযোজনীয় ব্যবস্থা নিবো।
বার্তাবাজার /এইচ.আর