ভূইয়াগাঁতী ব্রিজের দু’পারে গাড়ি চলছে থেমে থেমে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী পুরাতন ব্রিজের পাশ্বে বাইপাস রাস্তা নির্মিত হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গাড়ি চলা শুরু করেছে। তবে গাড়ির গতি মন্থর। গাড়ি চলছে অনেকটা থেমে থেমে।

এর আগে, ব্রিজটি প্রায় তিন ফিট দেবে যাওয়ায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভয়াবহ যানজটের সৃষ্টি হলে উপজেলার আঞ্চলিক সড়ক পাঙ্গাসী হয়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে ধীরগতিতে। মহাসড়কে আটকে যায় অসংখ্য দূর পাল্লার বাস ও ভারী যানবহন। ফলে দূর্ভোগ পোহাতে হয় ঘরমুখী নারী-পুরুষ, শিশু-কিশোর ও বৃদ্ধসহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষদের।

শুক্রবার (২০ ডিসেম্বর ১৯) বিকেলে সরেজমিনে গেলে দেখা যায়, হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী পুরাতন ব্রিজের পাশ্বে নির্মিত বাইপাস রাস্তা বেশী প্রসস্ত না হওয়ায় ভারী যানবহন গুলোকে পারাপারে বেগ পেতে হচ্ছে। ফলে ব্রিজের দু’পারে সৃষ্টি হচ্ছে যানজট।

এ বিষয়ে সিরাজগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক মুঠোফোনে বলেন, হঠাৎ করে ভূইয়াগাঁতী পুরাতন ব্রিজ বুধবার দেবে যাওয়ায় ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করা হয়। পরে সড়ক ও জনপদ বিভাগের প্রচেষ্টায় খুব অল্প সময়ের মধ্যে ব্রিজের পাশ্ব দিয়ে বাইপাস রাস্তা নির্মাণ করে মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা সচল করা হয়েছে।

উল্লেখ্য যে, কয়েক সপ্তাহ ধরে ঢাকা-বগুড়া মহাসড়কের উন্নতিকল্পে ফোর লেনের কাজ শুরু করেছে সওজ বিভাগ। প্রায় ৭০ বছরের পুরাতন ওই ব্রিজের পাশ দিয়ে বাইপাস রাস্তা নির্মাণ না করে নতুন ব্রিজ নির্মাণ কাজ চলছে। এতে ওই পুরাতন ব্রিজের পাশ থেকে মাটি উত্তোলন করায় ও দীর্ঘদিন যাবত মেরামতের অভাবে ব্রিজটি ভেঙে পড়ার উপক্রম হয়।

ঝুঁকিপূর্ণ ওই ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল অব্যাহত থাকায় বুধবার বিকেলে ব্রিজটি প্রায় ৩ ফিট দেবে যায়। এ কারণে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মোতায়েনের মাধ্যমে ওই বিকল্প পথ দিয়ে উত্তরবঙ্গ-ঢাকা দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল শুরু হয়। এতে বিশেষ করে বাসযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

পরে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বাইপাস রাস্তা চালু হলে সমস্যা অনেকটাই লাগব হয় বলে জানায় পরিবহনের চালক ও যাত্রীরা।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর