সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক নগর গড়াই আমার লক্ষ্য: মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আমারা এমন একটি শহর চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক একটি নগর গড়াই আমার লক্ষ্য।

সমাজে ধনী-গরিব, নারী-পুরুষ, ছেলে-মেয়ে, শিশু-বয়স্ক সবার অংশগ্রহণ থাকতে হবে। কেউ পাবে কেউ পাবে না, কারো সুযোগ থাকবে, কারো থাকবে না সেটি হবে না।’

শুক্রবার (২০ ডিসেম্বর) গুলশান ২-এর ৬০, ৬১ ও ৬২ নং সড়কের বাসিন্দাদের নিয়ে প্রতিবেশীদের মধ্যে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে আয়োজিত ‘পাড়া উৎসব’ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডিএনসিসির সার্বিক সহযোগিতায় ও গুলশান সোসাইটির আয়োজনে দিনব্যাপী এ উৎসব পালন করা হয়।

মেয়র বলেন, ‘প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সামাজিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ পাড়া উৎসব। আমাদের শিশুরা খেলার সুযোগ পাচ্ছে না, তাদের বন্ধু হচ্ছে না, তারা কম্পিউটার আর বইয়ে ডুবে থাকে, এভাবে চলতে থাকলে তারা বিষন্নতায় ভুগবে, সেটি আমরা মেনে নিতে পারি না।’

তিনি বলেন, ‘আরও আশঙ্কার বিষয় হলো- খেলাধুলা ও সামাজিক মেলামেশার অভাবে আমাদের এ তরুণ প্রজন্ম মাদকাসক্ত ও নেশাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। আমরা অবশ্যই এটি চাই না। আর সেজন্যই আমাদের এ উদ্যোগ। আমরা চাই, এলাকাবাসী সবাই আজ সারাদিন এ উৎসব উপভোগ করবেন, পরিবার নিয়ে রাস্তায় আসবেন, নিজের প্রতিবেশীদেরকে চিনবেন, সামাজিক সম্পর্ক দৃঢ় হবে, নিজ এলাকা ও প্রতিবেশীর জন্য নিজেদের মধ্যে দায়িত্বশীলতা বাড়বে। আর এতে করে সামাজিক অন্যায়, অবিচার, অস্থিরতা কমে আসবে। এভাবেই আমরা সবাই মিলে সবার ঢাকা গড়ে তুলতে চাই।’

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা চাই, বাবা-মায়েরা তাদের সন্তানদের নিয়ে, দাদা-দাদী, নানা-নানীরা তাদের নাতি-নাতনিদের নিয়ে নেমে আসবে, সারাদিন গল্প, খেলা ও আড্ডার ফলে তারা মানসিকভাবে বিকশিত হবে, তাদের বন্ধুত্ব হবে, তারা এক সঙ্গে মিলেমিশে একে অন্যের এবং এ এলাকার উন্নয়নে কাজ করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, সংসদ সদস্য সালমান এফ রহমান, সংসদ সদস্য নাহিদ এজহার খান, স্থানীয় কাউন্সিলর, ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর