আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ সদর উপজেলার আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে মাদ্রাসার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসী অভিযোগ করেছেন, শতবর্ষী প্রাচীন মাদ্রাসার উন্নয়ন কাজে মুক্তিযুদ্ধবিরোধী স্থানীয় একটি চক্র বিভিন্নভাবে বাধা দিয়ে আসছে। তারা লিফলেটে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তারা আরও বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হকের প্রচেষ্টায় মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার স্থাপনসহ মাদ্রাসার অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার করা হয়েছে। তাছাড়া প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নামে মাদ্রাসার চারতলা একাডেমিক বিল্ডিং নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। মুক্তিযুদ্ধবিরোধী চক্রটি এ সকল কাজে বাধা দিয়ে যাচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন-মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এবিএম মহিউদ্দিন আহমেদ,বিন্নাটি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. শাহাদাত হোসেন,ছাত্র লীগ নেতা আল আমীন, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, জসীম উদ্দিন কাজল, যুবলীগ নেতা বাশির উদ্দিন, মোজাম্মেল হক আলম, শফিকুল ইসলাম, শাহজাহান কবীর খোকন প্রমুখ।

মানববন্ধনে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর