জাবিতে চলছে বর্ণিল প্রজাপতি মেলা

উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দশম বারের মত প্রজাপতি মেলা শুরু হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টায় জহির রায়হান মিলায়তনে বেলুন উড়িয়ে প্রজাপতি মেলার উদ্বোধন করেন প্রাণিবিদ্যা অনুষদের ডিন আব্দুর জব্বার হাওলাদার।

উদ্বোধন শেষে একটি র‌্যালি জহির রাহয়ান থেকে বের হয়ে শহীদ মিনার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে আজ বিকাল ৪টা পর্যন্ত চলবে এই মেলার কার্যক্রম।
মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, ২০১০ সাল থেকে প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে ধারাবাহিকভাবে এ মেলার আয়োজন করা হচ্ছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রজাপতি মেলার আয়োজন করা হয়েছে। প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত আমাদের এই আয়োজন।

এবারের মেলায় দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে র‌্যালি, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, হাট দর্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), অরিগামি প্রজাপতি, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো, প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন শীর্ষক বারোয়ারী বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

প্রজাপতি বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ বাশারকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০১৯’ ও সবুজবাগ সরকারি কলেজের শিক্ষার্থী অরুণাভ ব্রুণোকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর