নিখোঁজের ৪ দিন পর ঘরের মেঝে খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার, স্কুলছাত্র আটক

নিখোঁজের ৪ দিন পর ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকায় ইয়াসিন আলীর বাসা থেকে ঘরের মেঝে খুঁড়ে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী সুমনার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত দশটায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র রিয়াজ আহমেদ কাননকে আটক করা হয়েছে বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানিয়েছেন। আটক আহমেদ কানন ওই বাসার মালিক ইয়াসিন আলীর ছেলে।

এর আগে গত ১৫ ডিসেম্বর খেলতে গিয়ে নিখোঁজ হয় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেনির ছাত্রী সুমনা। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে গত ১৬ ডিসেম্বর সুমনার বাবা জুয়েল বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরী করার পর সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে আহমেদ কাননকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে স্কুলছাত্রীকে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

স্কুলছাত্রী সুমনার বাবা জুয়েল বলেন, আমার মেয়ে একজন মেধাবী ছাত্রী ছিল। বার্ষিক পরীক্ষাও দিয়েছে, এবার চতুর্থ শ্রেণি উঠবে। আমি আমার মেয়ের হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি জানান, স্কুলছাত্রীর হত্যাকাণ্ডের কারণ এখন বলা যাচ্ছে না। মরদেহটির ময়না তদন্ত করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বার্তা বাজার/ ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর