সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে এক ফার্মেসি মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ওই ফার্মেসি থেকে ১০ লাখ টাকার নিষিদ্ধ ও ভেজাল ওষুধ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গণকবাড়ী এলাকার ডিইপিজেড সংলগ্ন হাসেম প্লাজার জিয়া ড্রাগ হাউজ নামের একটি ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গণকবাড়ী এলাকার ওই মার্কেটে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ, ভেজাল ওষুধ মজুত ও বিক্রির দায়ে জিয়া ড্রাগ হাউজকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। টাকা পরিশোধ করতে না এর মালিককে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।
ওই ফার্মেসি থেকে ১০ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয় এবং তা ধ্বংসের নির্দেশ দেয়া হয়। জব্দকৃত ওষুধ ভারত ও পাকিস্তান থেকে বিক্রির উদ্দেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এসব ওষুধের মধ্যে কিছু ওষুধ কী রোগের জন্য তা প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
ওষুধ তত্ত্বাবধায়ক মো. মুহিত ইসলাম বলেন, এখানে যেসব ওষুধ পাওয়া গেছে তা সবই রেজিস্ট্রার ছাড়া। তাই এগুলোর মান নিয়ন্ত্রণ করা হয়েছে কিনা তা নিশ্চিত না। এসব ওষুধ সেবনে মানবদেহের কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।
বার্তাবাজার/এমকে