ঘন কুয়াশা : চালকদের ফগলাইট ব্যবহার ও গতি সীমিত রাখার পরামর্শ

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশায় দুর্ঘটনা থেকে বাঁচতে মহাসড়কে চালকদের ফগলাইট ব্যবহার ও গতি সীমিত রাখার পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তানভীর হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায় যে, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলেসহ সারাদেশে শীতের প্রকোপ বেড়েছে। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এ কারণে তীব্র কুয়াশা ও বাতাস দেখা দিতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে।

বর্তমানে জাতীয় ও আঞ্চলিক সড়কে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেকাংশে কমে আসছে। যার ফলে জাতীয় ও আঞ্চলিক সড়কে পথচারী ও যানবাহন সম্পর্কে ধারণা পাওয়া যাশ না।

এ অবস্থায় হাইওয়ে পুলিশের সকল রিজিওনের ওসি ও কর্মকর্তাদের বাসস্ট্যান্ডে অবস্থানরত ও মহাসড়কে চলাচলরত চালকদের ফগলাইট ব্যবহার ও গতি সীমিত রেখে গাড়ি চলাতে পরামর্শ দিতে বলা হচ্ছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করে। শীতের এমন পরিস্থিতি আরও দুইদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

দেশের উত্তরবঙ্গের রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর