লোহাগাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দাফন সম্পন্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পৈত্রিক নিবাস চট্টগ্রামের লোহাগাড়ায়, ঐতিহ্যবাহী চুনতী সীরাত ময়দানে বাদ আছর তৃতীয় দফায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

জানাজায় অংশগ্রহণ করেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ, সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুদ্দীন হাসান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল সহ প্রমুখ।

এর আগে, সকাল ১০ ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টা ৫১ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নিজ গ্রাম চুনতিতে নিয়ে আসা হয়।

মঙ্গলবার বিকাল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম। বুধবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। তার মৃত্যুতে শোক জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

উল্লেখ্য ১৯৬০ সালের ১ জানুয়ারি লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের জন্ম। তাঁর পিতা মরহুম ইছহাক মিয়া ও মাতা মরহুমা মেহেরুন্নিছা।

লোহাগাড়ার চুনতি হাকিমিয়া কামিল মাদরাসায় পড়ালেখার হাতেখড়ি। পরবর্তীতে ফৌজদারহাট ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। ১৯৭৫ সালে এসএসসি ও ১৯৭৭ সালে এইচএসসি পাশ করেন। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। দুই বছর বাংলাদেশ মিলিটারি একাডেমীতে প্রশিক্ষণ গ্রহণের পর ১৯৭৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর