ভূইয়াগাঁতী দেবে যাওয়া ব্রিজে তৈরি হয়েছে বাইপাস রাস্তা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী পুরাতন ব্রিজ প্রায় তিন ফিট দেবে যাওয়ায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে দূরপাল্লার ভারী যান চলাচল বন্ধের পর সড়ক ও জনপদ বিভাগের প্রচেষ্টায় ব্রিজের পাশ দিয়ে বাইপাস রাস্তা নির্মাণ কাজ সমপন্ন হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাইপাস রাস্তায় দূরপাল্লার বাসসহ ভারী যানবহন চলাচল করতে পারবে বলে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক।

তিনি আরও জানান বুধবার বিকেলে ব্রিজটি দেবে যাওয়ায় ভয়াবহ যানজটের সৃষ্টি হলে উপজেলার পাঙ্গাসী হয়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে ধীরগতিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ ধরে ঢাকা-বগুড়া মহাসড়কের উন্নতিকল্পে ফোর লেনের কাজ শুরু করেছে সওজ বিভাগ। প্রায় ৭০ বছরের পুরাতন ওই ব্রিজের পাশ দিয়ে বাইপাস রাস্তা নির্মাণ না করে নতুন ব্রিজ নির্মাণ কাজ চলছে। এতে ওই পুরাতন ব্রিজের পাশ থেকে মাটি উত্তোলন করায় ও দীর্ঘদিন যাবত মেরামতের অভাবে ব্রিজটি ভেঙে পড়ার উপক্রম হয়। ঝুঁকিপূর্ণ ওই ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল অব্যাহত থাকায় বুধবার বিকেলে ব্রিজটি প্রায় ৩ ফিট দেবে যায়। এ কারণে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মোতায়েনের মাধ্যমে ওই বিকল্প পথ দিয়ে উত্তরবঙ্গ-ঢাকা দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল শুরু হয়। এতে বিশেষ করে বাসযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বাইপাস রাস্তা চালু হলে সমস্যা অনেকটাই লাগব হবে বলে মনে করছে যানবহনের চালক ও যাত্রীরা।

এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহরিয়ার রহমান খাঁন বলেন, সওজ এর প্রচেষ্টায় খুব দ্রুত বাইপাস রাস্তা নির্মাণ হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বাইপাস রাস্তা চালু হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর