অস্ট্রেলিয়ার তরুণী পর্যটককে ধর্ষণ চেষ্টা: গুড ভিবেজ কটেজে সিলগালা

কক্সবাজার সাগর পাড়ের মেরিন ড্রাইভসংলগ্ন পেঁচারদ্বীপ নামক নির্জন এলাকায় অবৈধভাবে গড়ে তোলা কটেজটি গতকাল বুধবার সিলগালা করা হয়েছে।

গেল রোববার অস্ট্রেলিয়ার এক তরুণী পর্যটককে ওই কটেজে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। এদিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানা গতকাল বুধবার বিকেলে দুই আসামির জবানবন্দি রেকর্ড করেছেন।

রামু থানায় দায়ের করা মামলার অন্যতম আসামি এবং ‘গুড ভিবেজ কটেজটির নৈশ প্রহরী আনসার উল্লাহ (২৪) ও আবদুল গফুর (২০) জবানবন্দিতে বলেন, তারা দুইজনই স্থানীয় বাসিন্দা। সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত কটেজটির মালিক কাইমুল হক শামীমের তারা পূর্ব পরিচিত। তারা চারজনে মিলে ওই বিদেশি তরুণীকে ধর্ষণ করার চেষ্টা চালায়।

ওই ঘটনায় বেলাল উদ্দিন নামের এক আসামি এখনও পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আতিক উল্লাহ দুই আসামির জবানবন্দি প্রদানের তথ্য নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতনের ধারায় করা মামলাটিতে কটেজ মালিক কাইমুল হক শামীমকে আসামি করা না হলেও এমন জঘন্য অপরাধজনক ঘটনাটি তার কারণেই ঘটেছে বলে অভিযোগ আনা হয়েছে। আদালত জবানবন্দি গ্রহণের পর আটক কটেজ মালিক শামীমসহ তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গতকাল বুধবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসারের নেতৃত্বে জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেখা গেছে, সাগর পাড়ের রেজু খালের চরভরাট সরকারি খাস জমি অবৈধভাবে দখল করেই এলাকাটিতে কমপক্ষে ২০টি কটেজ নির্মাণ করে পর্যটন ব্যবসা চালানো হচ্ছে। সরকারি জমিতে এসব কটেজ নির্মাণ করার বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল বিকেলে উচ্ছেদ কার্যক্রমও চালানো হয়। এতে এক একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, এলাকা পরিদর্শন করে আমরা দেখতে পেয়েছি রেজু খালের তীরে সরকারি খাস জমি দখলে নিয়ে তিন ভাই মিলে এসব কটেজ নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

তিনি জানান, কটেজগুলো একেতো সরকারি খাস জমিতে নির্মাণ করা হয়েছে তদুপরি কটেজ ব্যবসার কোনও লাইসেন্স এবং সরকারি কোনও অনুমতিও নেওয়া হয়নি। যে কটেজটিতে গেল রোববার রাতে ওই ধর্ষণ চেষ্টা হয়েছে, সেটি পুলিশ আগেই সিলগালা করে দিয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর