সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
বৃহস্পতির (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানা হরিনচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে।
নিহতরা হলেন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাক চালক রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে হেলপার হামজালা রনি (২২)।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম জানান, সকালের দিকে হরিণচড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহন ও রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে চালক রাজু নিহত হয়। অপরদিকে হেলপার রনিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/কে.জে.পি