অভিশংসিত ট্রাম্প
যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবে সম্মতি দিয়েছে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।
স্থানীয় সময় বুধবার রাতে প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে তার বিরুদ্ধে এ প্রস্তাব পাস হয়। বিবিসির খবরে বলা হয়, এখন প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে অপসারণ করতে হলে এই প্রস্তাব সিনেটেও পাস হতে হবে। আগামী মাসে এ বিষয়ে সিনেটে প্রস্তাব আনা হতে পারে।
ট্রাম্প হলেন তৃতীয় প্রেসিডেন্ট যিনি প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেন।এর আগে ১৯৯৮ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও ১৮৬৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট এন্ড্রু জনসনের বিরুদ্ধেও অভিশংসনের প্রক্রিয়া শুরু হয়েছিল।
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফাঁস হওয়া ফোনালাপে দেখা যায়, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ দিচ্ছেন ট্রাম্প। ওই ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একজন সদস্য আনুষ্ঠানিক অভিযোগ করার পর ট্রাম্পের অভিশংসনের দাবি সামনে আসে। তাকে ক্ষমতা থেকে সরাতে তদন্ত শুরু করে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। শুক্রবার (১৩ ডিসেম্বর) পরিষদের হাউজ জুডিশিয়ারি কমিটিতে অভিযোগের ওপর ভোটগ্রহণ করা হলে ২৩-১৭ ভোটে অভিশংসন প্রস্তাব পাস হয়।
বুধবারের অভিশংসন ভোট নিয়ে এক বিবৃতিতে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, সংবিধানে দেয়া অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষমতার চর্চা করবে প্রতিনিধি পরিষদ। জাতির ইতিহাসের পবিত্র এই মুহূর্তে সদস্যরা দেশি ও বিদেশি সব শত্রুদের কাছ থেকে সংবিধান রক্ষায় তাদের নেওয়া শপথের প্রতি সম্মান রক্ষা করবেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের দুটি অভিযোগ আনা হয়েছে। একটি হচ্ছে, অভিশংসন তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে অস্বীকৃতি জানানো, সাক্ষ্য দিতে তাঁর কর্মীদের বাধা দেওয়া এবং তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার মাধ্যমে কংগ্রেসের কাজকে বাধাগ্রস্ত করা। অপরটি হচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে ইউক্রেনের একটি গ্যাস কোম্পানির দুর্নীতির অভিযোগ তদন্তে ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করে চাপ দেওয়া।
বার্তাবাজার/কে.জে.পি