ভারতের নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদের ঝড় উঠেছে দেশে-বিদেশে। এছাড়া দিল্লির জামিয়ার শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের জেরে বিক্ষোভে ফেটে পড়েছে ভারতের ছাত্রসমাজ।
এবার এনআরসির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা।
ইনস্টাগ্রাম পোস্টে কোনো রাখঢাক না রেখেই সরাসরি রাষ্ট্রীয় আরএসএসকে নিশানা করেই পোস্ট দিয়েছেন সানা।
পোস্টে তিনি লিখেছেন, ‘যারা ভাবছেন আমরা মুসলিম ও খ্রিস্টান নই, তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা মূর্খের স্বর্গে বাস করছেন।’
সানার মতে, ‘বামপন্থী ইতিহাসবিদ ও পশ্চিমি সংস্কৃতি পছন্দ করা যুবাদের নিশানা করছে আরএসএস। কাল ওদের নজর পড়বে স্কার্ট পরা, আমিষ খাওয়া, মদ্য পান করা, বিদেশি সিনেমা দেখা, বার্ষিক তীর্থযাত্রা না করা মানুষদের ওপর।’
বিজেপিকে কটাক্ষ করে সৌরভ কন্যা আরও লিখেছেন, ‘দেখা হলে জয় শ্রীরাম না বললেও নিশানা হওয়ার আশঙ্কা থাকবে। সানার কথায়, ‘কেউই নিরাপদ নয়।’
এ মেসেজগুলো ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেও পরে তা ডিলিট করে দেন সানা। তবে সানার পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।
বার্তাবাজার/কে.জে.পি