ভারতে বিশৃঙ্খলার প্রভাব আশপাশে পড়তে পারে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, ভারত বারবার আশ্বস্ত করেছেন জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যু বাংলাদেশকে কোনোভাবেই প্রভাবিত করবে না। আমরা ভারতকে বিশ্বাস করতে চাই। তবে ভারতের কোনো ইস্যুতে বিশৃঙ্খলা দেখা দিলে তার প্রভাব আশপাশে পড়তে পারে।

বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে বেইজিং ঘোষণার ২৫ বছর পূর্তি উপলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব বাংলাদেশী অবৈধভাবে ভারতে আছেন, তারা নাকি ফিরছেন। এটা আমরা ভারত সরকারকে জিজ্ঞাসা করেছি। ভারত বলেছে, তারা কাউকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে না। আমরা বলেছি, আমাদের যদি কোনো নাগরিক ভারতে অবৈধভাবে থেকে থাকে, আপনারা আমাদের জানাবেন, আমরা যাচাই-বাছাই করে বাংলাদেশী হলে অবশ্যই গ্রহণ করব। তবে কত জন বাংলাদেশী অবৈধভাবে আছে, তা ভারত সরকার এখনো আমাদের জানায়নি।

ড. মোমেন বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা চাই ভারতবর্ষে শান্তিশৃঙ্খলা বজায় থাকবে, কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হবে না।

রাজাকারের তালিকা নিয়ে চলমান বিতর্ক আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি সঙ্কটে ফেলবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজাকারের তালিকা আরও আগে করলে ভালো হতো। দুর্ভাগ্যবশত ১৯৭৫ সালের পরের সরকারগুলো এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। ড. মোমেন বলেন, প্রকাশিত তালিকায় কিছুটা দুর্বলতা আছে। সেটা আমরা সংশোধন করব। প্রক্রিয়াটি যে চালু হয়েছে, এটি ভালো দিক।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর