রাতে ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে ময়মনসিংহ জেলা পুলিশ

ময়মনসিংহ শহরের রেলস্টেশন, ফুটপাত কিংবা অলিগলিতে, শীতের প্রকোপে কাবু হয়ে মানবেতর রাত কাটাচ্ছেন হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষ গুলো। সেইক্ষণে ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় ময়মনসিংহ জেলা পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর থানা ঘাট, রেলওয়ে চত্বর ও হরিজন পল্লীতে প্রায় ৩শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

উষ্ণতার ছোঁয়ায় মানুষ যখন ঘুমে বিভোর, তখন ছিন্নমূল মানুষ অপেক্ষায় থাকে কখন শেষ হবে শীতের রাত। দেখা যাবে সকালের সূর্য। কমবে শীতের কষ্ট। এমন ভাবনায় যখন রাশিদা, কুলসুম, সালেহা বেগমরা, ঠিক সে সময়ে তাদের পাশে কম্বল নিয়ে জেলা পুলিশ। কম্বল পেয়ে খুশিতে আটখানা চার বছর বয়সী শিশু মনিরা। আজ সে কম্বলে ঘুমাবে। মনিরার মতোই খুশি কম্বল পাওয়া অসহায় মানুষ গুলো।

গত দুই দিন ধরে ময়মনসিংহে সূর্যের দেখা মেলেছে খুবই কম। প্রচন্ড শীত পড়েছে এ অঞ্চলটিতে। শীতবস্ত্র না থাকায় চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এ পর্যন্ত কোন সহায়তা পাননি বলে জানান ৬০ উর্ধ্ব খাইরুল মিয়া। কম্বল পেয়ে জেলা পুলিশকে কৃতজ্ঞতা জানান তারা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজি, কোতয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান, গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে সবাইকে এগিয়ে আসতে হব। একজন শীর্তাত মানুষ সামান্য সহযোগিতায় পেতে পারে উঞ্চতার ছোঁয়া। তাদের কষ্ট কিছুটা হলেও দুর হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর