প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকায় হাসি ফুটলো রোমানের মুখে

রোমান সানা। বাংলাদেশের আর্চারির ‘পোস্টার বয়’। ২০২০ টোকিও অলিম্পিকে লাল-সবুজ দলের প্রতিনিধিত্ব করবেন। এই তো নেপালের এসএ গেমসে রিকার্ভ একক ও দলীয় এবং মিশ্র ইভেন্টে সোনার পদক জিতে নিজের জাত চিনিয়েছেন আবার। কিন্তু জাতীয় প্রতিযোগিতার শুরুতে বিবর্ণ রোমান! ১১তম জাতীয় আর্চারিতে নিজের প্রিয় রিকার্ভ এককে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। তবে এদিন তাঁর জন্য সুখবরও ছিল। প্রধানমন্ত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা পুরস্কারও পেয়েছেন রোমান।

আজ বুধবার সন্ধ্যায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল তাঁর নিজ দপ্তরে দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানাকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন। চেক প্রদানকালে প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমাদের সৌভাগ্য যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মতো এমন একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সবসময় আমাদের ক্রীড়াবিদদের পাশে থেকে উৎসাহ দিয়ে থাকেন। কোনো খেলোয়াড় বা তাদের পরিবারের কোনো সদস্য অসুস্হ হলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি আর্চার রোমান সানার অসুস্থ মায়ের জন্য এই পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।’

রোমান সানা কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এ পুরস্কার আমাকে সামনে আরও ভালো ফলাফল অর্জন করতে উৎসাহিত করবে।’

এর আগে দিনের শুরুতে জাতীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে তীরন্দাজ সংসদের মো: সাকিব মোল্লার কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান আনসারের হয়ে খেলা রোমান। যদিও সাকিব ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হতে পারেননি। বিমান বাহিনীর রামকৃষ্ণ সাহার কাছে ৭-১ সেটে হেরে যান।তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অবশ্য রোমান ৭-১ সেটে রাকিব মিয়াকে হারিয়েছেন।

রিকার্ভ এককে তৃতীয় হয়ে রোমান বলেছিলেন,‘গতবারও আমি সেরা হতে পারিনি।এবারও ফাইনাল খেলা হলো না। এতে করে আমি ব্যথিত নই।বাংলাদেশের আর্চারি যে দিনকে দিন উন্নতি করছে,এটা তারই লক্ষণ। এখন আমার মতো আর্চারকে হারানোর মতো প্রতিযোগীরা উঠে আসছে।এতেই খুশি আমি।’

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর