জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জাবিতে উপাচার্য বিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগ দাবিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সমাবেশে বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, ‘কিছু দালাল শিক্ষকের প্ররোচনায় এই উপাচার্য স্বেচ্ছাচারিতা চালিয়েছেন। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে তিনি তার পেটোয়া বাহিনী দিয়ে হামলা চালিয়েছেন।’
ছাত্র ইউনিয়নের সদস্য রাকিবুল রনি বলেন, ‘মেয়েদের হল নির্মাণের দুর্নীতির খবর সামনে এসেছে। দুর্নীতি বিরোধী আন্দোলনের মধ্যেও, সরকারের জিরো টলারেন্সের মধ্যেও এই ভিসি দুর্নীতিকে প্রশ্রয় দেন যখন, তখন সাড়ে ১৪০০ কোটি টাকার ১০০ কোটি টাকাও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ব্যয় হবে কি না সে ব্যাপারে আমরা শঙ্কিত।’
আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন সমাবেশে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে উপাচার্যের বিরুদ্ধে তদন্তের দৃশ্যমান অগ্রগতি হবে।’ তদন্তের অগ্রগতি না হলে জানুয়ারি থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
বার্তা বাজার / ডব্লিও.এস