রোহিঙ্গাদের সাথে কথা বলতে মিয়ানমার প্রতিনিধি দল কক্সবাজারে

চলমান রোহিঙ্গা সংকটে সাধারণ রোহিঙ্গা ও রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলতে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে দু’দিনের সফরে এসেছেন মিয়ানমারের ৯ সদস্যের প্রতিনিধি দল।

বুধবার বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প-৪ (এক্সটেনশন) বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের সাথে কথা বলে তাদের পালিয়ে আসার কারণ ও মিয়ানমারে ফিরতে আগ্রহী কিনা এসব বিষয়ে জানতে চেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।

বৃহস্পতিবার প্রতিনিধিদলটি দ্বিতীয় দফায় একই শিবিরে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন কক্সবাজার আরআরআরসি অফিসের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

শামসুদ্দৌজা নয়ন জানান, ১১ টার দিকে মিয়ানমার আন্তর্জার্তিক সংস্থা ও অর্থনৈতিক বিভাগের ডিরেক্টর জেনারেল চ্যাং অ্যায়ের নেতৃত্বে ঢাকা থেকে কক্সবাজার বিমান বন্দরে পৌছেন ৯ সদস্যের প্রতিনিধি দলটি। এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন ও কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাজাহান আলী তাদের অর্ভ্যথনা জানান।

সেখান থেকে দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ (এক্সটেনশন)’র উদ্দেশ্যে রওয়ানা হন তারা। সেখানে সাধারণ রোহিঙ্গা নারী-পুরুষ ও রোহিঙ্গা নেতাদের সঙ্গে তারা কথা বলেন। এসময় তাদের সাথে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, মোজাম্মেল হক, শামসুদ্দৌজা নয়ন, উখিয়ার ইউএনও নিকারুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর হিন্দু রোহিঙ্গাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে প্রতিনিধি দলটি কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর