জাতীয় পতাকা উল্টো করে নিয়ে মিছিল, বিপাকে মমতা

সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী মিছিলে অদ্ভূত কাণ্ড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারীরা! দলনেত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার রেড রোড চত্বরে আম্বেদকর মূর্তির কাছে জমায়েত শুরু হয়েছিল সকাল থেকেই। দলনেত্রীর সমর্থনে স্লোগানের পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো বিষোদগারও শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এ পর্যন্ত ঠিকই ছিল। তাল কাটল মিছিল শুরুর ঠিক পরেই।

তাড়াহুড়োয় কিনা জানা নেই, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শুরুর পর দেখা গেল তাঁকে অনুসরণ করে জোড়াসাঁকো অভিমুখে উল্টো জাতীয় পতাকা নিয়েই স্লোগান দিতে দিতে হেঁটে চলেছেন তাঁরই দলের বহু কর্মী-সমর্থক। গেরুয়া-সাদা- সবুজ রঙের বদলে সবুজ-সাদা-গেরুয়া পতাকা লাঠিতে আটকেই চলে মিছিল। গোটা মিছিল এভাবেই তাঁদের হাঁটতে দেখা যায়। মুখে ‘নো ক্যাব নো এনআরসি’ ও ‘ইউনাইটেড ইন্ডিয়া’ স্লোগান আর হাতে উল্টো জাতীয় পতাকা নিয়েই এগিয়ে চলে মিছিল।

সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে শুরু থেকেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমবার থেকে পথে নেমে প্রতিবাদে সরব তৃণমূলনেত্রী। সোমবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করে তৃণমূল। সেই মিছিলেই তৃণমূলের দলীয় পতাকা ছাড়াও জাতীয় পতাকা হাতে মিছিলে যোগ দিয়েছিলেন দলের কর্মী-সমর্থকরা। কেন্দ্রীয় সরকারের আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিছিলে অনেকে কালো পাতাকা নিয়েও সামিল হয়েছিলেন।

সোমবারের পর মঙ্গলবার ও বুধবারও কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল হয়। মঙ্গলবার যাদবপুর এইটবি বাসস্ট্য়ান্ড চত্বর থেকে যদুবাবুর বাজার পর্যন্ত মিছিল করে তৃণমূল। বুধবারও হাওড়া ময়দান থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার ও বুধবার উল্টো জাতীয় পতাকা হাতে ভিড় চোখে পড়েনি তৃণমূলের মিছিলে।

কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের সাম্প্রতিক কয়েকটি মিছিলে দলের পতাকা ছাড়াও জাতীয় পতাকা নিয়ে কর্মী-সমর্থকদের মিছিলে হাঁটতে দেখা যাচ্ছে। জাতীয় পতাকা হাতে নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা।

সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই আন্দোলন চলে রাজ্যের বিভিন্ন প্রান্তে। একাধিক জায়গায় আন্দোলনের নামে চলে তাণ্ডব। বাস জ্বালিয়ে, ট্রেন পুড়িয়ে প্রতিবাদ দেখান বিক্ষোভকারীদের একাংশ। যদিও কেন্দ্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ পথেই আন্দোলনের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর