দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবসে মানুষের ঢল

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদার হাজার হাজার মানুষের উপস্থিতিতে পালিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলন দিবস-২০১৯। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় দিনাজপুর ইন্সিটিটিউট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

১৯৭১ সালে ১৮ ডিসেম্বরের এই দিনে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ শেষে সদ্য স্বাধীন দেশে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন দিনাজপুরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চালীয় জোন-১ এর চেয়ারম্যান এম আব্দুর রহিম এম.পি।

ঐতিহাসিক এই দিনটিকে দিনাজপুরের মুক্তিযোদ্ধা, সাধারণ জনতাসহ সকল শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে। ১৮ ডিসেম্বরের এসময় মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এম. আব্দুর রহিম এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সকল স্তরের মানুষ।

জাতীয় পতাকা উত্তোলনের পর দিনাজপুর ইন্সিটিটিউট প্রাঙ্গণ থেকে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্সিটিটিউট মাঠে ফিরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম.আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আজিজুল ইসলাম জুগলু। এসময় উপস্থিত ছিলেন এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যকরি সভাপতি মো. শফিকুল হক ছুটু ও সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ।

আলোচনা সভায় বক্তরা বলেন, ‘১৯৭১ সালের ১৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনীকে পরাস্থ করার মধ্যে দিয়ে লাল সবুজের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই দিনে দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনাজপুরবাসী স্বাধীনতার স্বাদ গ্রহণ করেন।

১৮ ডিসেম্বর দিনটিকে দিনাজপুরের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে। জাতির শ্রেষ্ঠ সন্তানরা দেশের জন্য জীবন দিয়ে আমাদের একটি স্বাধীন দেশ এনে দিয়েছে। যাদের কারণেই আজকে আমরা লাল সবুজের পতাকা বুকে ধারণ করতে পারি। মুক্তিযোদ্ধাদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না।

আলোচনা সভা শেষে দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় উদীচী শিল্পী গোষ্ঠীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের গান পরিবেশন করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর