তিতাসের অভিযানে ১৫ শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কাশিমপুর থানাধীন চক্রবর্তী শিল্প এলাকা এবং মোজার মিলের বিপরীতে ডালাস সিটি এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর জোনাল বিপণন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৮ ডিসেম্বর) গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে কাশিমপুর থানার চক্রবর্তী শিল্প এলাকা এবং মোজার মিলের বিপরীতে ডালাস সিটি এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক ২ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয়। এতে করে ওই এলাকাগুলিতে অবৈধ সংযোগ নেয়া প্রায় ১৫ শত বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। অভিযান চলাকালে অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলিও খুলে জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।

অভিযান চলাকালে এসময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের শ্রমিকগণ।

ছবি- বার্তা বাজার

নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা জানান, আজ সকাল থেকে আমরা মোবাইল কোর্ট পরিচালনার দ্বারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। অবৈধ সংযোগ গ্রহনের দায়ে বাংলাদেশ গ্যাস আইনে মোট ৭ জন বাড়ির মালিককে মোট ৩ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্য বাড়িওয়ালাদেরকে সতর্ক করেছি যাতে তারা ভবিষ্যৎ এ এরকম সংযোগ গ্রহন না করে।

ছবি- বার্তা বাজার

অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজ সকাল থেকে শুরু হওয়া অভিযানে আনুমানিক ২ কিলোমিটার ব্যাপী অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করেছি। অবৈধ সংযোগকারীরা আমাদের মূল গ্যাসের সরবরাহ লাইন থেকে অবৈধভাবে সংযোগ পাইপ ব্যবহার করে নিম্নমানের পাইপ ব্যবহার করে অবৈধ সংযোগ প্রদান করেছে। এতে আনুমানিক প্রায় ১৫ শত বাসাবাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

গণমাধ্যমকে তিনি এসময় আরও জানান, যারা এসব অবৈধ সংযোগ গ্রহন করেছে তাদের বিরুদ্ধে গ্যাস আইনে সরকার কঠোর ব্যবস্থা গ্রহন করবে। এজন্য সকল বাড়ীওয়ালাদের উচিত অবৈধভাবে এরকম ঝুঁকি নিয়ে গ্যাস সংযোগ গ্রহন না করা। এরপরও যদি৷ তারা এরকম করে তবে তাদের বিরুদ্ধে আমরা আইনী প্রক্রিয়ার ভিতরে যাবো।

প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কাশিমপুর থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর