ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন পাসের পর সপ্তাহ পেরুলেও এ নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ থামেনি। সোমবার পুর্নিয়ায় এক সমাবেশে বক্তৃতায় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কানাইয়া কুমার বলেছেন, তোমরা যদি আমাদের নাগরিক মনে না কর, আমরাও তোমাদের সরকার হিসেবে বিবেচনা করবো না।
নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও আলীগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের নিপীড়নের কথা উল্লেখ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, পুলিশ যখন ছাত্র-ছাত্রীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, তখন দেশের সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় শান্তিপূর্ণভাবে জোরালো বিক্ষোভ চালিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন কানাইয়া। এ সময় শিক্ষার্থীরা তখন ‘আজাদি, আজাদি’ বলে স্লোগান দেন।
কানাইয়া বলেন, পার্লামেন্টে আপনারা সংখ্যাগরিষ্ঠ হতে পারেন, তবে রাস্তায় আমরাই বেশি।
তিনি আরও বলেন, এটা কেবল হিন্দু কিংবা মুসলমানদের লড়াই না, এটা সংবিধান রক্ষার লড়াই। আমরা প্রজ্ঞা ঠাকুরের কোনো ভারত চাই না।
উল্লেখ্য সংশোধিত নাগরিকত্ব আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে যাওয়ার অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
এই আইনের বিরুদ্ধে প্রথমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রতিবাদ দেখা গেলেও পশ্চিমবঙ্গেও এই আইনের বিরোধিতায় বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে। পাশাপাশি দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ ভারতের বিভিন্ন স্থানে ছাত্ররা এর প্রতিবাদে আন্দোলনে নামে। তাদের থামাতে সহিংস ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
বার্তাবাজার/কে.জে.পি