বৈধ কাগজ না থাকায় ১২ বাংলাদেশি গ্রেপ্তার

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারত জুড়ে বিক্ষোভ। অন্যদিকে সেই আইন মেনে বিভিন্ন জায়গায় চলছে ধর-পাকড়।

বৈধ কাগজ না থাকায় ভারতের মহারাষ্ট্রে ১২ বাংলাদেশিকে আটক করেছে অ্যান্টি টেররিজম সেল। ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে সোমবার তাদের পালগর জেলা থেকে আটক করা হয়।

গ্রেপ্তার ১২ জনের মধ্যে ৯ জন নারী বলে জানিয়েছে পুলিশ। রাজ্যের সন্ত্রাসবিরোধী দপ্তরের কর্মকর্তারা চিরুনি তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করেন তাদের। রাজ্যে যাতে হিংসা ছড়াতে না পারে এবং দেশে অনুপ্রবেশ ঠেকাতেই নাকি এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সন্ত্রাসবিরোধী দপ্তরের কর্মকর্তা মানসিং পাতিল জানান, ১২ জন বাংলাদেশির কাছে কোনও বৈধ কাগজ বা পরিচয়পত্র নেই। তারা ভারতের নাগরিক নয়। কাঁটাতারের বেড়া দিয়ে এদেশে ঢুকে বেআইনিভাবে বসবাস করছিল। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। কী করে তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে দীর্ঘদিন বসবাস করছে, জানতে তদন্তে নেমেছে প্রশাসন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর