মাঠে ফিরতে আরো সপ্তাহখানেক সময় প্রয়োজন তামিমের

জ্বর কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তামিম ইকবাল। তবে মাঠে ফিরতে লাগতে পারে আরো সপ্তাহখানেক। জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। কুঁচকিতে হালকা চোট থাকলেও সেটি গুরুতর নয় বলেও জানিয়েছেন তিনি। এদিকে, ইনজুরির কারণে পাকিস্তান সিরিজে অলরাউন্ডার সাইফুদ্দিনের খেলা এখনো অনিশ্চিত। জানিয়েছেন দেবাশিষ চৌধুরী।

বিশ্বকাপ এরপর শ্রীলঙ্কা সফর, প্রত্যাশা মেটাতে পারেননি, তাই অনেকটাই আড়ালে চলে যান তামিম ইকবাল। ছন্দ ফেরাতে থাইল্যান্ডে গিয়ে করেছেন নিবিড় অনুশীলন। প্রায় চার মাসের বিরতি শেষে ফেরেন বিপিএলে।

মাঠে নেমে ছন্দে ফেরার আভাসও দিয়েছিলেন দেশসেরা ওপেনার। তবে সুস্থ থাকতে পারলেন কই? পড়েছেন জ্বরের কবলে।

দেবাশিষ চৌধুরী বলেন, রক্ত পরীক্ষার মাধ্যমে ধারণা করা হচ্ছে এটা ভাইরাল ইলনেস। শারীরিক দুর্বলতা আরো কয়েকদিন থাকবে। যেকোন ধরণের স্পোর্টসে ও পার্টিসিপেট করতে পারবে না।

কুঁচকিতে আছে হালকা ইনজুরিও। যদিও সেটি খুব গুরুতর নয় বলেই মনে করেন বিসিবির এই চিকিৎসক। তবে সঠিক অবস্থা জানার জন্য অপেক্ষা করতে হবে স্ক্যান রিপোর্টের জন্য। তিনি বলেম ,ডান দিকের কুঁচকিতে একটা ব্যথা আছে। আজ আমরা একটা কুঁচকির এক্স রে করাবো।

এদিকে, সুখবর নেই তরুণ অলরাউন্ডার সাইফুদ্দিনকে নিয়ে। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে লাগবে লম্বা সময়। এখনো অনিশ্চিত আসন্ন পাকিস্তান সিরিজও।

বিপিএলে নিজেদের সবশেষ ম্যাচে হালকা টান পড়লেও, ডাক্তারের শরণাপন্ন হননি মাশরাফী। তাই তার ইনজুরি ততোটা গুরুতর নয় বলেই মনে করেন বিসিবির এই চিকিৎসক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর