চাঞ্চল্যকর আঃ মজিদ হত্যা মামলায় অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার

চাঞ্চল্যকর সাভার পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী মাহফুজুর রহমান মাহফুজ (৩০) কে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তার মাহফুজুর রহমান মোঃ বেলায়েত হোসেন মোল্লার পুত্র। তার গ্রামের বাড়ি পোপালগঞ্জ জেলার নিজরা গ্রামে। বর্তমানে সে সাভারের বনপুকুর এলাকার এ-৯৪ নাম্বার বাসায় বসবাস করতো।

এর আগে, গত ২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা ডিবি (উত্তর) ও সাভার থানা পুলিশের যৌথ অভিযানে বক্তারপুর এলাকা থেকে মূল ‘শ্যুটার’ মানিককে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে সাভার পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যা ঘটনায় ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়।

পরে গ্রেপ্তারকৃত মানিক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় যে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি তাকে মাহফুজ দিয়েছিলো।

মানিক সহ ইতোমধ্যে এই মামলায় ৮ জন আসামীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ। মানিকের জবানবন্দীর পরেই মূলত হত্যায় ব্যবহৃত অস্ত্রের সরবরাহকারী মাহফুজকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। এব্যাপারে সাভার মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ এএফএম সায়েদ এর নির্দেশনায় বিশেষ অভিযানের প্রস্তুতি সম্পন্ন হয়।

এব্যাপারে মুঠোফোনে সাভার মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বার্তাবাজার কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ব্জানান, আজ (মঙ্গলবার) বিকালে সাভার বাসস্ট্যান্ডের পাশে মাশরুম কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে মাহফুজকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাতে সাভার পৌর এলাকার কোটবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে কিছু দূরে সন্ত্রাসীদের গুলিতে খুন হন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ। এ ঘটনায় স্বপন (২৮) নামে গুলিবিদ্ধ হন আরও একজন। গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর