দেড় বছর স্কুলে না এসেও বেতন উত্তোলন প্রাথমিক শিক্ষিকার

ছুটির আবেদন ছাড়াই প্রায় দেড় বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন করেন শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মিতু। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণ ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষিকা।

মঙ্গলবার এই তথ্য জানান তদন্তকারী কর্মকর্তা ইমদাদুল হক। জানা যায়, জান্নাতুল ফেরদৌস মিতু ছুটির পূর্বানুমতি ছাড়াই ২০১৮ সালের ২৭ আগস্ট থেকে বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন। এরপর থেকে মিতু বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।

এমন অবস্থায় প্রক-প্রাথমিক শ্রেণির পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হয়। পরে প্রধান শিক্ষকসহ অন্য সহকারী শিক্ষকরা নিরুপায় হয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠদান করেন। কিন্তু হঠাৎ করেই চলতি বছরের ১২ নভেম্বর অনুপস্থিত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মিতু বিদ্যালয়ে যোগদান করতে আসেন।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার অনুপস্থিত সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মিতুকে ছুটি মঞ্জুর করে যোগদানের ব্যবস্থা করেন।

তদন্তকারী কর্মকর্তা ইমদাদুল হক বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিষয়টি তদন্ত করতে এসেছি। তদন্তকালে দেখা যায় অভিযুক্ত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মিতু অনুপস্থিত সময়ের মধ্যে ৭৮ দিনের বেতন উত্তোলন করেছেন।

আবেদন ও মেডিক্যাল সনদের ভিত্তিতে অর্জিত ছুটি এবং বিনা বেতনে ছুটি মঞ্জুর করে যোগদান করানো হয়েছে। এ ব্যাপারে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তদন্ত প্রতিবেদন দাখিল করবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর