রাতে পিতা গ্রেফতার, সকালে মিলল ছেলের গলা কাটা লাশ

টাঙ্গাইলের নাগরপুরে মাদক মামলায় রাতে পুলিশের হাতে পিতা গ্রেফতার হওয়ার পর সকালে ছেলের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পরিবারের মাঝে চলছে শোকের মাতম। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়ার কুষ্টিয়া গ্রামে। হত্যাকাণ্ডের শিকার কিশোরের নাম মো. বিপ্লব মিয়া (১৫)। সে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের পূর্ব পাড়ার মো. উজ্জ্বল মিয়ার ছেলে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ওসি আলম চাঁদ। নিহতর মামা জুয়েল মিয়া জানান, তার ভগ্নীপতি উজ্জ্বল মিয়া স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন। বিজয় দিবসের ছুটিতে পরিজন নিয়ে রোববার গ্রামের বাড়িতে আসেন তিনি।

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উজ্জ্বল মিয়াকে নাগরপুর থানা পুলিশ সোমবার সন্ধ্যায় কাঁচপাই মোড় থেকে গ্রেফতার করে।

স্বামীর গ্রেফতারের খবর শুনে স্ত্রী বীথি আক্তার ছেলে বিপ্লবকে বাড়িতে রেখে ওই রাতে নাগরপুর থানায় স্বামীকে দেখতে যান। বাড়ি ফিয়ে ছেলে বিপ্লবকে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজ-খবর নেয়ার পর কোনো সন্ধান না পেয়ে বাড়ি ফিরে আসেন।

পর দিন সকালে বীথি আক্তার তার স্বামী উজ্জ্বল মিয়াকে মুক্ত করার জন্য টাঙ্গাইল কোর্টে চলে যান। এ দিকে দুপুর ১২টার দিকে ধুবড়িয়ার কুষ্টিয়া বিলের মাঠে ছেলে বিপ্লবের গলা কাটা লাশ পড়ে থাকার খবর পান। পরে ঘটনাস্থলে পৌঁছে নিহত বিপ্লবের লাশ তার মামা জুয়েল মিয়া শনাক্ত করেন।

এ সময় স্বজনদের আহাজারি ও আর্তনাদে সেখানকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। সন্তানের গলা কাটা লাশ দেখে বারবার মূর্ছা যাচ্ছেন মা বীথি আক্তার। হত্যার কারণ জানা যায়নি।

এ ব্যাপারে নাগরপুর থানার ওসি আলম চাঁদ বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সোমবার রাতে বিপ্লবকে গলা কেটে হত্যা করে। হত্যার পর লাশ কুষ্টিয়া বিলের পাশে নির্জন মাঠে ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর