এয়ার ফ্রেশনার ব্যবহারের পর ‘সিগারেট জ্বালাতেই’ উড়ে গেল গাড়ি

গাড়িতে এয়ার ফ্রেশনার ব্যবহারের পর এক ধূমপায়ী সিগারেট ধরাতে যান। কিন্তু সঙ্গে সঙ্গেই বিস্ফোরণে তার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। অল্পের জন্য রক্ষা পান তিনি।

গত শনিবার বিকেলে ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের হ্যালিফ্যাক্স শহরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ম্যানচেস্টার ইভনিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই গাড়ির মালিক হ্যালিফ্যাক্স শহরের কেন্দ্রেস্থলে ব্যস্ত ফাউনটেইন স্ট্রিটের একপাশে গাড়িটি পার্ক করে ভেতরে এয়ার ফ্রেশনার স্প্রে করেন।

এরপর তার ধূমপান করার ইচ্ছা হয়। তিনি সিগারেটে আগুন ধরাতে যাওয়ার সঙ্গে সঙ্গেই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়, এ ঘটনায় ওই গাড়িটির উইন্ডস্ক্রিন ভেঙে পড়ার পাশাপাশি পাশের ভবনগুলোও কেঁপে ওঠে। এ সময় প্রত্যক্ষদর্শীরা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনেন।

বিস্ফোরণের ধাক্কায় কাছের দোকানপাটের জানালাগুলোও ক্ষতিগ্রস্ত হয়। এদিকে বিস্ফোরণে গাড়িটি ক্ষতবিক্ষত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান গাড়ির মালিক। তবে এতে তিনি সামান্য আহত হন।

এই ঘটনা আরও মারাত্মক হতে পারতো জানিয়ে গাড়িচালকদের অ্যারোসল ক্যান ও খোলা অগ্নিশিখার ব্যাপারে সতর্ক করেছে দেশটির পুলিশ।
এক টুইটার ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত গাড়িটির ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যালিফ্যাক্স শহরের কেন্দ্রস্থলে একটি গাড়িতে বিস্ফোরণ হয়েছে।

কী বিকট শব্দ। আমি পাশের একটি বারে ছিলাম। অবিশ্বাস্যভাবে চালক বের হয়ে আসতে পেরেছেন। তার কোনো আঘাত লাগেনি বলেই মনে হয়েছে।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর