বঙ্গবন্ধু বিপিএলে ঢাকায় প্রথম পর্ব শেষে এখন চট্টগ্রামে গড়াচ্ছে দ্বিতীয় পর্ব। আজ মঙ্গলবার ঢাকার খেলা না থাকায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করে দল। তবে অধিনায়ক মাশরাফি অনুশীলনে ছিলেন না। এই নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের ঢাকার কোচ বলেন, ‘মাশরাফিকে নিয়ে আপনাদের চিন্তা না করলেও চলবে।’
মাশরাফি ঠিক আছে জানিয়ে সালাউদ্দিন আরও বলেন, ‘মাশরাফিকে নিয়ে আপনাদের চিন্তা না করলেও চলবে। মাশরাফি ফিট আছে কারণ আমার মনে হয় এখন তার যেটা করা দরকার সে সেটা করছে। সে তৈরি হচ্ছে, জিম করছে। এখন তার ফিট থাকাটাই জরুরি, মনে হয় সে সেটা করছে। মাঠে না দেখলেও আপনাদের ভাবার কারণ নাই যে সে মাঠে নাই। মাঠে ও অনেক ইনভলব আছে। নরমালি অনুশীলন সেশনটা অপশনাল থাকে, আশা করছি সে জিমে নিজেকে ফিট রাখছে।’
সৈয়দ রাসেল একসময় মাশরাফির সঙ্গে বল হাতে দৌঁড়েছেন মাঠে, এখন তার গুরু হিসেবে কাজ করছেন। তাকে শেখানো প্রসঙ্গে এক প্রশ্নে রাসেল বলেন, ‘মাশরাফিকে শেখানো আমার সাজে না।’ তার মতে ‘আমি যদি এখন মাশরাফিকে শেখাতে যাই, ওটা আসলে সাজে না। তারপরও আমরা মতবিনিময় করি। আমরা এক্সপেরিয়েন্স শেয়ার করি।’
বঙ্গবন্ধু বিপিএলের এই আসরে মাশরাফি বল হাতে এখনো নিজের সেরাটা দিতে পারেননি। তিন ম্যাচে তিন উইকেট নিয়েছেন ঢাকার অধিনায়ক। ব্যাট হাতে এক ম্যাচে ১৮ রানে অপরাজিত ছিলেন, আরেক ম্যাচে ৯ রান করেন। মাশরাফি না আসলে কোনো সমস্যা না থাকলেও বিপিএলের সূচির কারণে খেলা কঠিন হয়ে গেছে বলে মনে করেন ঢাকার কোচ।
তিনি বলেন, ‘আসলে টুর্নামেন্টের ফিক্সারটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। পরপর তিনটা ম্যাচ খেলা সমস্যার, টি-টোয়েন্টি ম্যাচে এভাবে তিনটা ম্যাচ খেলা যেকোনো দলের জন্যই চাপ তৈরি করে।’
আগামীকাল বুধবার ঢাকা খেলতে নামবে চট্টগ্রামের বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।
বার্তা বাজার/এম.সি