কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারের সময় নূর হোসেন (২৮) নামক এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের বটতলী এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফ ২বিজিবির শীলখালী মেরিন ড্রাইভ সংলগ্ন অস্থায়ী চেকপোস্টে তাকে আটক করা হয়।
এসময় পাচার কাজে ব্যবহৃত সিএনজি অটো ও ৪হাজার ৮৭০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
বিজিবি অধিনায়ক জানান, মঙ্গলবার সকালে শাপলাপুর ইউনিয়নের শীলখালী মেরিন ড্রাইভ সংলগ্ন অস্থায়ী চেকপোস্টের জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী সিএনজি থামিয়ে তল্লাশী করে। এসময় চালকের সীটের নীচে অভিনব কায়দায় লুকানো ৪ হাজার ৮৭০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।
তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস