কক্সবাজারের রিসোর্টে অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণ চেষ্টার অভিযোগ

হয়রানির শিকার নারী পর্যটক ঘটনাটি তাৎক্ষণিক অস্ট্রেলিয়ান হাই-কমিশনার কার্যালয়কে অবহিত করে কক্সবাজার ত্যাগ করেছেন।
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল সংলগ্ন মারমেইড ইকো বিচ রিসোর্টে এক ‘অস্ট্রেলিয়ান নারী পর্যটককে’ ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।

সোমবার রাতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল সংলগ্ন হোটেলটি থেকে ঘটনায় জড়িত সন্দেহে এ ২ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের। তবে, এ ঘটনায় একটি মামলা নথিভূক্ত করা হয়েছে বলে জানালেও তদন্তের স্বার্থে আটক হওয়াদের নাম প্রকাশে রাজি হননি ওসি।

হোটেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বরাত দিয়ে ওসি খায়ের বলেন, ‘কক্সবাজার এসে গত রবিবার দুপুরে মারমেইড ইকো বিচ রিসোর্টে উঠেন অস্ট্রেলিয়ান এক নারী পর্যটক। রাত্রিযাপনের জন্য তাকে রেজুখালের মোহনা লাগোয়া নিরিবিলি একটি কক্ষ বরাদ্ধ দেয়া হয়। রাতে ঘুমানোর সময় রুমের দরজা বন্ধ রাখলেও জানালা খোলা রেখে অস্ট্রেলিয়ান নারী পর্যটক ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে ২ জন বখাটে জানালা ভেঙ্গে কক্ষটিতে ঢুকে নারী পর্যটককে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময়, ঐ পর্যটক চিৎকার করলে বখাটেরা পালিয়ে যায়। এতে, নারী পর্যটকের শরীরের কয়েক স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।’

হয়রানির শিকার নারী পর্যটক ঘটনাটি তাৎক্ষণিক অস্ট্রেলিয়ান হাই-কমিশনার কার্যালয়কে অবহিত করেন বলেন ওসি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, পুলিশ রবিবার রাতেই নারী পর্যটককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অস্ট্রেলিয়ান হাই-কমিশনার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কক্সবাজারের একটি হোটেলে তাকে রাখা হয়। পরদিন সোমবার দুপুরে হয়রানির শিকার এ পর্যটক কক্সবাজার ত্যাগ করেছেন।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ান হাই-কমিশনার কার্যালয় পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে ঘটনার খোঁজ-খবর নিচ্ছে বলেও জানান ওসি।

এদিকে, পুলিশ বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে বলে জানান খায়ের। তিনি জানান, সোমবার ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে পুলিশ হোটেলটির মালিকের ভাইসহ পাঁচজনকে আটক করে। পরে, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে ঘটনায় জড়িত একজন মূল অভিযুক্ত রয়েছে।

মঙ্গলবার সকালে গ্রেপ্তার দু’জনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও এ পুলিশ কর্মকর্তা। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর