চুয়াডাঙ্গায় এক তরুণ কলেজ ছাত্র ওয়াজ মাহফিলে ওয়াজ শুনে ইসলামের প্রতি বিশ্বাস করে হিন্দু ধর্ম ছেড়ে শান্তির ধর্ম ইসলাম গ্রহন করেছেন।
জেলার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার ১৩তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে কালেমা পড়ে তিনি মুসলমান হন।
এদিন মাহফিলের আলোচনা শেষে উপস্থিত লাখ লাখ মানুষের সঙ্গে পবিত্র কালেমা পড়েন রনি কুমার দাস। জনপ্রিয় ও আলোচিত ইসলামি বক্তা শায়খ মিজানুর রহমান আজহারী তাকে পবিত্র কালেমা পাঠ করান। পরে তার নাম রাখা হয়েছে আব্দুর রহমান। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে। তার বাবার নাম খোকা কুমার দাস। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতক শ্রেণির দর্শন বিভাগের ছাত্র।
এসময় লক্ষ লক্ষ জনতার সামনে আব্দুর রহমান জানান, ইউটিউবে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনে অনুপ্রাণিত হয়ে ইসলামের ছায়াতলে আসার সিদ্ধান্ত নেন। কালেমা পড়ার আগে আব্দুর রহমান আরও বলেন, মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর থেকে প্রতিটা মানুষেরই উচিৎ সঠিক পথে চলা। আমি এতদিন অনেক ধর্ম দেখেছি, বিভিন্ন বই পড়েছি। তবে আমার সব থেকে ভালো লেগেছে মহাগ্রন্থ কোরআন শরীফ, যার ভুল আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী ধরতে পারেননি।
এসময় সদ্য মুসলিম হওয়া নবমুসলিমকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকসহ উপস্থিত শত শত মানুষ। পরে তাৎক্ষণিক আব্দুর রহমানকে আর্থিক সহায়তাও করেন অনেকে।
বার্তাবাজার/এমকে