বক্তব্য আর ভালোবাসার দিন শেষ, দূষণ করলেই জরিমানা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আগামী ২০ ডিসেম্বর থেকে অভিযান শুরু হবে। বক্তব্য আর ভালোবাসার দিন শেষ। এখন দূষণ করলেই জরিমানা গুণতে হবে যে কাউকে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার বাংলাদেশ ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা: নাগরিক ভাবনা’শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, যারা সড়কে ইট, বালু, পাথর, সিমেন্ট রেখে পরিবেশ দূষণ করবেন, যারা ব্যবসা পরিচালনা করবেন, তাদের বলতে চাই, বক্তব্য দেওয়া, ভালোবাসার দিন শেষ। এখন থেকে যারাই পরিবেশ দূষণ করবেন, জরিমানা গুণতে হবে। অভিযান পরিচালনা করার জন্য আমরা সরকারের কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছি। আগামী ২০ ডিসেম্বর থেকে অভিযান শুরু হবে। যা নিয়মমাফিক চলবে।
মেয়র আরও বলেন, যারা পরিবেশ দূষণ করে বিভিন্ন ধরনের ব্যবসা করছেন, তাদের বলবো, ব্যবসা বন্ধ করে দিন। তাছাড়া কমপ্লায়েন্স না মেনে উন্নয়ন কাজ করলেও তাদের জরিমানা গুণতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা যদি যথাযথ দায়িত্ব পালন করতে পারি, তাহলেই শহরটা নিরাপদ হবে।
রাজউক, ওয়াসা, পিডিপিসহ সিটি করপোরেশনের ঠিকাদারদের উদ্দেশে মেয়র বলেন, আপনারা যারা রাস্তা খোঁড়ার কাজ করছেন, তারা অবশ্যই কমপ্লায়েন্সের মাধ্যমে কাজ করুন। অন্যথায় জরিমানা গুণতে হবে। এনিয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তবুও শহর বাঁচাতে এগিয়ে যেতে হবে।
ডুরার সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান। অনুষ্ঠানে বক্তব্য দেন স্থপতি ইকবাল হাবিব, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী প্রমুখ।
বার্তাবাজার/কে.জে.পি