আজ ১৭ই ডিসেম্বর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও -১ আসনের সাবেক সাংসদ মরহুম খাদেমুল ইসলামের ২৩তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সকাল থেকে মরহুমের শহরস্থ বাসভবনে কোরআন খতম ও দুপুরে তাঁর কবরসংলগ্ন মাদরাসায় দোয়া-মাহফিল এর আয়োজন করা হয়েছে।
মরহুম খাদেমুল ইসলাম ছাত্র জীবনেই বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর নেতৃত্বে আস্থাশীল হয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহনের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধে অংশ নেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে জুলুম নির্যাতন নেমে আসে সেই রোষানল থেকে তিনিও মুক্তি পাননি। তাকে দশ মাস কারাগারে অন্তরীণ রাখা হয়।
জেল থেকে মুক্তি পেয়ে তিনি আওয়ামী রাজনীতির সবচেয়ে সংকটাপন্ন সময়ে ঠাকুরগাঁও মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে দলকে সংগঠিত করেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন এবং মৃত্যু পর্যন্ত তিনি সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে ঠাকুরগাঁও-১ আসন হতে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৭ই ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জননেতা।
বার্তাবাজার/এমকে