বিকেল বেলা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দিকে যেতেই দেখা যায় একদল মানুষ ভিড় করে দাড়িয়ে আছে। আরেকটু কাছে যেতেই দেখা যায় সেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র নিয়ে বসে আছে। আর সেগুলোর মূল্য মাত্র তিন টাকা। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতার জন্য মহান বিজয় দিবস উপলক্ষে এই প্রোগ্রামের আয়োজন করা হয়। “এসো বিজয় উল্লাসে মানবতার কল্যাণে” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার প্রোগ্রামটি আয়োজন করেছিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি শিক্ষা সহায়ক স্বেচ্ছাসেবী সংগঠন প্রদীপন। সারাদিনব্যাপী চলে এই আয়োজন।
জানা গেছে, গতকাল সকাল ৭টায় দুমকির একে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীকে এই শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র দেওয়া হয়। সকাল ১১টায় দুমকি দেবিরচর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে ২০ জনকে, ১২টায় দুমকি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৩০ জনকে এবং বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ঘাসফুল বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে দেওয়া হয় এই শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র।
শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল ৪টি খাতা, ২টি পেন্সিল, ১টি রারার, ৫টা কলম, ১টি স্কেল ও ১টি পেন্সিলবক্স। আর শীতবস্ত্র হিসেবে দেওয়া হয় একটি করে কম্বল। প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদের দারিদ্র ও অসহায় শিক্ষার্থীর তালিকা থেকে এগুলো দেওয়া হয়।
৩ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে সংগঠনটির সদস্যরা জানান, কেউ যেন মনে করতে না পারে যে এগুলো তাদের অনুদান দেওয়া হচ্ছে বরং তারা যেন মনে করে এগুলো তারা ৩ টাকা দিয়ে কিনে নিচ্ছে। এই আয়োজনে আর্থিক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।
এ বিষয়ে প্রদীপনের সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনগ্রসর ও দারিদ্র শিশুদের শিক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে তাদেরকে শিক্ষা গ্রহণে উজ্জীবিত করা এবং সেই সাথে তাদেরকে কিছু শীতবস্ত্র বিতরণ করার মাধ্যমে সমাজের এই মানুষদের পশে দাড়ানোর জন্য প্রতিষ্ঠা এই সংগঠনটির। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য সবাই যদি যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে তাহলে সমাজটা আর পিছিয়ে থাকবে না।
বার্তাবাজার/কে.জে.পি