আয়ারল্যান্ডে বাংলাদেশের টেস্ট বাতিল
২০২০’র মে’তে আয়ারল্যান্ডের মাটিতে একটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। কিন্তু ওই টেস্ট ম্যাচ বাতিল করলো আইরিশ ক্রিকেট আয়ারল্যান্ড। টেস্টের পরিবর্তে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।
ফলে এই সফরে তিনটির পরিবর্তে চারটি টি-টোয়েন্টি খেলতে চায় আয়ারল্যান্ড। ওয়ানডে খেলবে তিনটি। ২০১৮তে আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়ার পর আর্থিক সঙ্কটে পড়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।
একটি টেস্ট ম্যাচ আয়োজনে তাদের খরচ হবে প্রায় ১ মিলিয়ন ইউরো (১.১৪ মিলিয়ন মার্কিন ডলার)। তাছাড়া ২০২০ ও ২০২১ সালে টানা দু’বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব রয়েছে আয়ারল্যান্ডের সামনে।
সব মিলিয়ে সাদা বলের ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, ‘২০২০ সালে আমরা লাল বলের চেয়ে সাদা বলকে প্রাধান্য দিচ্ছি।
ক্রিকেটের তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দের কিছু নেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের আর্থিক সঙ্কটের কারণে আগামী বছরের টেস্ট ম্যাচটি বাদ দিতে হচ্ছে। আর ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ নয়।
ধারণা করা হচ্ছে টেস্ট আয়োজনে ১ মিলিয়ন ইউরোর ওপর খরচ হবে। কিন্তু খরচ পুষিয়ে নেয়ার মতো রেভিনিউ পাওয়ার আশা নেই বললেই চলে।’ ডিউট্রম বলেন, ‘যৌক্তিক কারণেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দীর্ঘায়িত করার পরিকল্পনা গৃহীত হয়েছে।
আর পাকিস্তান টি-টোয়েন্টির শীর্ষ দল। তাদের দর্শক জনপ্রিয়তা এখানে পরীক্ষিত।’ ২০১৮তে পাকিস্তানের বিপক্ষেই ঘরের মাঠে নিজেদের অভিষেক টেস্ট খেলেছিল আয়ারল্যান্ড।
বার্তাবাজার/কেএ