মুক্তিযোদ্ধাদের গালিগালাজ, প্রতিবাদ করায় সরকারি কর্মচারীকে মারধর

পটুয়াখালীর বাউফল উপজেলায় মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করে অশ্লীল ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় মো. ইউনুস মিয়া (৫৫) নামে এক সরকারি কর্মচারীকে মারধর করা হয়েছে। এ সময় তার হাতের আঙুল ভেঙে দিয়েছেন মো. সাইফুল ইসলাম নামে এক যুবক।

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ ঘটনা ঘটে। ইউনুস মিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত। এ ঘটনায় তিনি বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বাউফল পাবলিক মাঠে আয়োজিত অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় মুক্তিযোদ্ধাদের বের হওয়ার জন্যে মাঠের পূর্ব পাশে একটি গেট তৈরি করে।

ওই গেটের কাছে সাইফুলের মালিকানাধীন একটি দোকান রয়েছে। গেটটি কী কারণে তৈরি করা হয়েছে এ বিষয়ে অফিস সহকারী ইউনুস মিয়াকে প্রশ্ন করেন সাইফুল। ইউনুস মিয়া জানান, মুক্তিযোদ্ধারা বয়স্ক মানুষ তাই তাদের যাতায়াত সুবিধার জন্য এই গেটটি তৈরি করা হয়েছে।

এ কথা বলতেই সাইফুল ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। ইউনুস মিয়া তার প্রতিবাদ করেন। এ নিয়ে দ্বিতীয় দফা বাকবিকণ্ডার সময় ইউনুস মিয়ার শার্টের কলার ধরে টানা হেঁচড়া শুরু করেন সাইফুল।

এক পর্যায়ে ইউনুসের বাম হাতের আঙুলে মোচড় দিয়ে একটি আঙুল ভেঙে দেন তিনি। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর