বিজয় দিবসে ইবি ছাত্রলীগের দু’গ্রুপের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুটি গ্রুপ। জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইবি শাখা ছাত্রলীগের পদবঞ্চিত নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দীকি আরাফাতসহ অন্যান্যরা।

এদিকে বেলা সাড়ে এগারোটার দিকে ১০-১৫ জনের একটি দল ছাত্রলীগ পরিচয়ে মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণ করতে আসেন। সাংবাদিকরা তাদের সাংগঠনিক পরিচয় জানতে চাইলে তারা নিজেদেরকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের অনুসারী বলে দাবী করেন।

এরা হচ্ছেন, লিংকন, নাসিম আহমেদ জয়, জাকির, বনী আমিন, শাহীন প্রমুখ। এক পর্যায়ে পদবঞ্চিত নেতা তৌকির মাহফুজ মাসুদ, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দীকি আরাফাতকেও তাদের সাথে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে দেখা যায়।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পদবঞ্চিত নেতাকর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করায় তারা বেশ কয়েকবার ক্যাম্পাসে প্রবেশের করলেও তাদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয় বলে জানা গেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর