কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন সোনা মিয়া (৩৫) নামের এক ব্যক্তি। ঘটনা স্থল থেকে তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার সিকান্দর আলীর ছেলে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা নাগাদ উখিয়া ষ্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে চালক এবং হেল্পার দু’জনকে আটক করে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। তবে স্থানীয়রা হাইওয়ে পুলিশের সহায়তায় ঘাতক (চট্টমেট্টো-ট-১১-০৯৮১) ট্রাকটি আটকিয়ে রেখেছে বলে জানিয়েছেন উখিয়া থানার (ওসি) আবুল মনছুর।
খোঁজ নিয়ে জানাগেছে, টেকনাফ বন্দর থেকে কক্সবাজার অভিমূখে ছেড়ে আসা একটি পেঁয়াজ ভর্তি ট্রাক উখিয়ার কুতুপালং এলাকায় ইজিবাইক কে চাপা দেয়। সংবাদ পেয়ে উখিয়া স্টেশনে লোকজন গাড়িটির গতিরোধ করার চেষ্টা করে। এসময় চালক গাড়ি নিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে সোনামিয়া চাকার নিচে চাপা পড়ে। পরে উপস্থিত জনতা তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
রিপোর্ট লিখা পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে যোগাযোগ করে ফোন রিসিভ না করায় সর্বশেষ তথ্য পাওয়া যায়নি।
ওসি আবুল মনছুর জানান, এঘটনায় অন্তত ১ঘন্টা সড়ক অবরোধ রেখে ছিলো স্থানীয়রা। ঘাতক গাড়িটি হাইওয়ে পুলিশের জিম্মায় আটক রয়েছে। এসংক্রান্ত ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
বার্তাবাজার/কেএ