বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মো. আনসার আলী নামের শিক্ষার্থীর হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
মেজাজ কন্ট্রোল না করতে পেরে দুর্ঘটনাবশত ওই ঘটনা ঘটেছে বলে জানান ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক অভিযুক্ত শাহ আলম।
ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের ও ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী আনসার আলী তার লিখিত অভিযোগে জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে কামালের দোকানে চা পান করার সময় শাহ আলম উপস্থিত হয়।
তখন তাকে (শাহ আলম) বসতে বললে তিনি অপমান বোধ করেন। তিনি বলেন, বাকৃবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান বিপ্লব উপস্থিত হলে তার উস্কানিতে শাহ আলম দোকানের লাকড়ি এনে আমার ওপর হামলা চালায়।
এতে আমার ডান হাতের কাঁধের সংযোগস্থল ভেঙ্গে যায় এবং মাথা ও কপালে প্রচণ্ড আঘাত পাই। আমার ফাইনাল পরীক্ষাও আছে। এমন অবস্থায় আমি পরীক্ষায়ও বসতে পারব কি না তা নিয়ে শঙ্কায় আছি।
অভিযুক্ত শাহ আলম বলেন, আমার যে বিষয়ে রাগ হয় (বিকৃত নাম ধরে ডাকা) সে বিষয়টা নিয়ে অনেকদিন ধরে জ্বালাতন করছিল আমার জুনিয়র (আনসার)। আমার সঙ্গে এরকম করতে বারবার নিষেধ করলেও সে শোনেনি।
পরে আবার একই কাজ করলে আমি আমার মেজাজ কন্ট্রোল করতে পারিনি। এতে তার হাত ভেঙ্গে যাবে বুঝতে পারিনি। এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আজহারুল হক বলেন, এসব বিষয়কে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। খুব তাড়াতাড়ি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/কেএ