বর্ণাঢ্য আয়োজনে ববিতে মহান বিজয় দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উদযাপনে রবিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই শুরু হয় নানা কার্যক্রম।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন, ৯.০৫ টায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি কর্তৃক গার্ড অব অনার প্রদান, ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে স্মৃতিসৌধের দিকে অগ্রসর হয়।

বিজয় র্যালির পর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শুরু হয়। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, হলসমূহ, কর্মকর্তা-কর্মচারী পরিষদ ও ২৪ টি বিভাগ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

এসময় বিভাগসমূহ বিভিন্ন নকশার পুষ্পস্তবক নিয়ে হাজির হয়। যেগুলোতে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানচিত্র, পতাকা ও সার্বভৌমত্ব। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিএনসিসি, রোভার স্কাউট ও আঞ্চলিক সংগঠনগুলো ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানানো শেষে বেলা ১১টায় আন্ত:বিভাগ ভলিবল (ছাত্র) টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়। এতে বাংলা বনাম ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের মধ্যকার ম্যাচে বাংলা বিভাগ টানা চতুর্থবারের মত চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন।

এছাড়াও বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে এর আগে দিবসটি উদযাপনে কয়েকদিন আগে থেকেই পুরো বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আলোকসজ্জার আয়োজন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য মহোদয় সকলকে বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, ‘বাঙালি জাতি কৃতজ্ঞ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, কৃতজ্ঞ জাতির সেই সকল সূর্য সন্তানদের প্রতি যাদের আত্নত্যাগের বিনিময়ে এ বিজয় অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি সুখি, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক জাতি গঠনে সকলকে মিলেমিশে কাজ করে যেতে হবে বিজয়ের এই দিনে তরুণ প্রজন্মের প্রতি এ আমার আহবান।##

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর