ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

নানা আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় যেন অবনত হয়ে পড়ে পুরো স্মৃতিস্তম্ভ এলাকা।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬ টায় নগরের পাটগুদাম ব্রীজ মোড়স্থ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের বেদিতে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রথমে পুস্পস্তবক আর্পন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। পরে বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকাসহ একে একে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ।

এরপর জেলা পুলিশ লাইন্সে ‘চেতনায় অম্লান’ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, স্কাউট গ্রুপসহ ১২১ টি কুচকাওয়াজ দল কুচকাওয়াজ পরিবেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন।

বেলা ১২ টায় জেলা জিমনেসিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতি ভোজের আয়োজন করে জেলা প্রশাসন। অপরদিকে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইনের দরবার হলে পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদের পরিবারকে সংবর্ধনা ও প্ররীতি ভোজের আয়োজন করা হয়।

সন্ধায় জেলা পুলিশ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর