জুতা পায়ে বিজয় স্তম্ভে অধ্যক্ষ, কলেজ গেইটে হামলার শিকার

জুতা পায়ে বিজয় স্তম্ভের বেদীতে ফুল দিতে ওঠায় হামলার শিকার হয়েছেন কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু তাহের। গুরুতর আহত মোঃ আবু তাহের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কলেজের হিসাব রক্ষক শামসুল আলম জানান, বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে কলেজের অস্থায়ী বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভুল করে জুতা পায়ে বিজয় স্তম্ভের বেদীতে উঠেন। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, বহিরাগত কয়েকজন ছেলে কলেজ গেইটে ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ ফখরুল জানান, অধ্যক্ষের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘খবর পেয়ে আহত অধ্যক্ষকে দেখতে হাসপাতালে দেখতে যান তিনি। ভুল বশত জুতা পায়ে বিজয় স্তম্ভে উঠার বিষয়টি তিনি স্বীকার করেছেন। তবে কে বা কারা হামলা করেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। এমনকি এ বিষয়ে তিনি কোন অভিযোগও দায়ের করেননি বলে জানান ওসি।

এ ব্যাপারে মোবাইলে অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর