দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় ক্যাম্পাস।
আজ সোমবার সকাল সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ কে ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এরপর উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন।
এদিকে বিজয় দিবস উপলক্ষে সকাল ১০ টায় কৃষি অনুষদে চিত্রাঙ্গন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে। এরপর বেলা ১১টায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ভলিবল, পিলোপাসিং ও দৌড় প্রতিযোগিতা।
দুপুর ২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহাম্মদ, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ ড. আনোয়ারুল হক বেগ।
আরোও বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বার্তাবাজার/এমকে